ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রস্তাবিত ১০ নাম রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে জনসম্মুখে প্রকাশের দাবি জাফরুল্লাহর

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে অনুসন্ধান কমিটির প্রস্তাবিত ১০ ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।


তিনি বলেছেন, যে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠাবেন তা আগেই জনগণের সামনে প্রকাশ করুন। জনগণকে বক্তব্য রাখার সুযোগ দিতে হবে। সার্চ কমিটি যতই সার্চ করুক জনগণের চেয়ে বেশি সার্চ তারা করতে পারবে না। জনগণ হলো আসল সার্চের মালিক। রাষ্ট্রপতির কাছে পাঠানোর তিনদিন আগে এ ১০ জনের নাম প্রকাশ করা হলে তাদের সম্পর্কে আমরা সব তথ্য দিতে পারবো। গোয়েন্দা বাহিনীও যে তথ্য দিতে পারে না জনগণ সে তথ্য দিতে পারবে।


শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘কাশ্মীর ও দক্ষিণ এশিয়ার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এ সভার আয়োজন করে।


সার্চ কমিটিতে নিজের দেওয়া আট ব্যক্তির নাম নিয়ে মিথ্যাচার হচ্ছে অভিযোগ করে জাফরুল্লাহ বলেন, সার্চ কমিটির কাছে আমি আটজনের নাম দিয়েছিলাম। নামগুলো কাউকে জিজ্ঞেস করে দিইনি। কিন্তু মাহবুব-উল-আলম হানিফ (আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক) আবিষ্কার করলেন- এগুলো বিএনপির দেওয়া নাম। তিনি এ মিথ্যাচার ও ভুল তথ্য কেন দিলেন? এটা আমি জানি না।


তিনি বলেন, বিএনপির শীর্ষ পর্যায়ের কারও সঙ্গে গত তিন মাসে আলাপ তো দূরে, আমার কথাও হয়নি। হানিফ আরেকটা ভুল কথা বলেছেন- আমি খালেদা জিয়ার উপদেষ্টা। আমি কোনোদিন বিএনপির সদস্য ছিলাম না, উপদেষ্টাও না।


ডা. জাফরুল্লাহ আরও বলেন, কিছু হলেই বলা হয় মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। মামলা দিয়ে প্রতিপক্ষকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। বঙ্গবন্ধুর কথা শুনি না, কিন্তু তাকে পূজা করি।


ডিজিটাল সিকিউরিটি আইনের ভয়ে কেউ মুখ খুলে না উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনকে ধ্বংস করতে হবে। বিএনপি যদি ক্ষমতায় আসতে চায় তাহলে আন্দোলনে যেতে হবে এবং পরিষ্কারভাবে বলতে হবে যে ক্ষমতায় গেলে তারা ডিজিটাল সিকিউরিটি আইন কবরে পাঠাবে।


খালেদা জিয়ার দুটি ভুলের কথা তুলে ধরে তিনি বলেন, ক্লিন হার্ট অপারেশন করে তিনি ভুল করেছিলেন। আরেকটা ভুল করেছিলেন, সালমানের কথা শুনে ওষুধের দাম বাড়িয়ে।


আয়োজক সংগঠনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী, ব্যারিস্টার মেজর (অব.) সরোয়ার, ভাসানী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, মুসলিম লীগের সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উইং জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page

↑